নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় জনৈক আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে শিমুলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মাহমুদুল হাসান শিমুল কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা ঢাকার রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
Leave a Reply