নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (MADE IN USA) লেখা সংবলিত একটি পিস্তল ও ম্যাগাজিনে সংযুক্ত সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় বাবুরাইলের ওই বাড়িতে রাজনের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম মো. সিরাজ মিয়া এবং মায়ের নাম হালিমা বেগম।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply