ডাইস ও কেমিক্যালের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডাইং শিল্পের ব্যবসায়ীরা। বর্তমান ডাইং চার্জে উৎপাদন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে শিল্পের টেকসই বিকাশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)।
সভায় ব্যবসায়ীরা বলেন, ডাইং শিল্পে ব্যবহৃত ডাইস ও কেমিক্যালের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে এসব উপকরণের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময়মূল্যের ওঠানামার কারণে আমদানি ব্যয় ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্ত হওয়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে। কিন্তু সেই অনুপাতে ডাইং চার্জ সমন্বয় না হওয়ায় শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক চাপের মুখে পড়ছে।
তাঁদের মতে, বর্তমান ডাইং চার্জে কাপড় প্রক্রিয়াজাত করে উৎপাদন ব্যয় মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে ডাইং শিল্পের স্বাভাবিক কার্যক্রম ও দীর্ঘমেয়াদি উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণ করা জরুরি।
সভায় বক্তারা ডাইং শিল্পের বিদ্যমান সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিল্পের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় ডাইস ও কেমিক্যালের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এবং ডাইং শিল্পের অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বিকেএমইএর পরিচালক মিনহাজুল হক ও মামুনুর রশিদ মিঠু, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জিএম হায়দার আলী বাবলু, সহসভাপতি এম নাসির উদ্দিন, পরিচালক মো. আনিসুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, মো. অহিদুর ইসলাম শহিদ, কে এম নুরুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, মো. শাজাহান আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য।
Leave a Reply