নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ মজুত ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ‘ওষুধ ঘর’-এর মালিক মো. ইয়াছিন মিয়াকে ৪০ হাজার টাকা, ‘সেবা ফার্মেসি’র মালিক মো. আফজাল হোসেনকে ৫০ হাজার টাকা এবং ‘আমুলিয়া ফার্মেসি’র মালিক মো. মাইনুল কবির খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বিক্রির উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুতের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধ ছাড়া নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ বিক্রির অভিযোগও পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, নিষিদ্ধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বিক্রির উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি বা মজুত করা দণ্ডনীয় অপরাধ। একইভাবে ওটিসি ওষুধ ছাড়া নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ বিক্রিও আইনত দণ্ডনীয়।
আইন লঙ্ঘনের এসব প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিন ফার্মেসির মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
Leave a Reply