নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারস বোঝাই একটি মিনি ট্রাক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত আড়াইটার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী সংলগ্ন চৈতী গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
পুলিশ জানায়, গভীর রাতে আনারস বোঝাই করে মিনি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে টিপরদী এলাকায় পৌঁছালে সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে মিনি ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও ফল ব্যবসায়ী নিহত হন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, চলন্ত অবস্থায় অজ্ঞাত একটি গাড়িতে মিনি ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং স্বজনরা সেখানে উপস্থিত রয়েছেন।
Leave a Reply