নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) হকার উচ্ছেদ অভিযানের সময় দুই কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে হকারদের বিরুদ্ধে। একই সঙ্গে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সোমবার (৪ মে) বিকেলে চাষাঢ়ায় নূর মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে এ ঘটনা ঘটে।আহত দুই কর্মচারী হলেন জাহাঙ্গীর ও রুহুল। তারা স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নাসিকের উচ্ছেদ কর্মীরা জানান, পুলিশ সদস্যদের সাথে নিয়ে প্রতিদিনের মতো সিটি করপোরেশনের কর্মচারীরা বিকেলে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছিলেন।
এ সময় হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও রুহুলকে মারধর করেন হকাররা।হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।তবে ঘটনার সঙ্গে জড়িত হকারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “এটা হকারদের বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য না রাখে, সেটা আইনের পরিপন্থী। আজ যেটা করেছে সেটি আইনের ব্যত্যয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”গত ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে।
তবে, গত কয়েকদিন ধরেই ফুটপাতে আবারও বসার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। সোমবার দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছেন।এর মধ্যে উচ্ছেদ কর্মীদের উপর হকারদের হামলা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।




Leave a Reply