নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার দেওয়া হয়।
‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে—হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে’—এই প্রত্যয়কে সামনে রেখে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে এ সাফল্যকে জীবনের চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখলে চলবে না। উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তারা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। জীবনের পথে নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা আসতে পারে। এসব বাধায় হতাশ না হয়ে লক্ষ্য অটুট রেখে এগিয়ে গেলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, বন্দর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পরিবেশবান্ধব বৃক্ষ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply