নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে (৭) কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। সোমবার (২৫ মে) বিকেলে বন্দর থানাধীন কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া কিশোর (১৬) অন্য এক শিশুকে দিয়ে ওই ছাত্রীকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কিশোর উপস্থিত সবাইকে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী হিসেবে তারা অভিযুক্তকে বিশ্বাস করতেন। কিন্তু সে এমন জঘন্য কাজের চেষ্টা করবে তা তারা কল্পনাও করেননি। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর তাসনিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply