নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের দীর্ঘ মুক্ত আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক চক্রের তৎপরতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিষয়ে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আপনারা মাঠের বাস্তব চিত্র তুলে ধরেন। বস্তুনিষ্ঠ তথ্য পেলে আমরা দ্রুত প্রয়োজনীয় অভিযান পরিচালনা করতে পারব। জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের অন্যতম লক্ষ্য।”
অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে প্রাপ্ত সঠিক তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, এ কে এম মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।
এছাড়া সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, অহিদুল হক, মাহাবুবুর রহমান মাসুম, নাহিদ আজাদ, নাফিজ আশরাফ, মোস্তফা করিম, রফিকুল ইসলাম, আমির হোসাইন স্মিথ, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, রাকিবুল ইসলাম, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, রাসেল আদিত্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
Leave a Reply