নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেছেন, জেলায় জেলা পরিষদের আওতাভুক্ত এলাকায় ১২ দিন এবং সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ১৪ দিনে প্রায় সাড়ে তিন লক্ষ শিশুকে টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, কর্মসূচিতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। বাড়ি বাড়ি, কমিউনিটি পর্যায় এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। টিকাদান কার্যক্রম সফল করতে ইসলামিক ফাউন্ডেশন ও তথ্য অফিসের সহযোগিতা চাওয়া হয়েছে।
ডা. মুশিউর রহমান আরও বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে, যাতে টিকাদান কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply