নিউজ ২৪ নারায়ণগঞ্জ
কয়েকদিনের টানা ও ভারী বর্ষণে সিদ্ধিরগঞ্জের আদমজী ও কদমতলী এলাকার লাখো মানুষ চরম পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাৎক্ষণিকভাবে তার দলের নেতাকর্মীদের জনদুর্ভোগ লাঘবে মাঠে নামার নির্দেশনা দেন।
এমপির সেই নির্দেশনার ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে কদমতলী এলাকার কবরস্থান সংলগ্ন পানি নিষ্কাশন পাম্পহাউজ পরিদর্শনে ছুটে যান বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
পাম্পহাউজ পরিদর্শনকালে সংসদ সদস্যের সহকারী সেলিম আহমেদ বলেন, মাননীয় এমপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানতে পেরেছি ভারী বৃষ্টির কারণে কদমতলী এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানে পানি নিষ্কাশনের জন্য যে পাঁচটি পাম্প রয়েছে, সেগুলো পুরোপুরি সচল রয়েছে কিনা এবং পানি নিষ্কাশন ঠিকমতো হচ্ছে কিনা, তা নিশ্চিত করতেই আমাদের এই পরিদর্শন।জনগণের দুর্ভোগ কমাতে আমরা তৎপর আছি এবং পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের কর্মীরা সার্বক্ষণিক পাম্পহাউজের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ রাখবে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, দেশনায়ক তারেক রহমানের দিক-নির্দেশনায় আমরা জনগণের অতন্দ্র প্রহরীর মতো কাজ করছি। যেখানেই মানুষের দুর্ভোগ, সেখানেই তারেক জিয়ার সৈনিক হিসেবে আমরা সবার আগে উপস্থিত হয়ে সেবা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক যে খাল খননের মহৎ উদ্দেশ্য ও উদ্যোগ নিয়েছেন, তা পুরোপুরি বাস্তবায়িত হয়ে গেলে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। কারণ পানি যখন স্বাভাবিকভাবে প্রবাহিত হতে থাকবে, তখন আর জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সুযোগ নেই।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। নতুন সরকার গঠন হওয়ার পর খুব অল্প সময় পার হলেও আজহারুল ইসলাম মান্নান সাহেব একজন বিচক্ষণ লোক হিসেবে সবসময় এলাকার সব মানুষের খবর রাখছেন। তিনি যেখানেই থাকুন না কেন, আমাদেরকে সার্বক্ষণিক দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আর আমরাও সেই নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
পাম্পহাউজ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পাম্পহাউজের দায়িত্বপ্রাপ্তদের দ্রুত পানি নিষ্কাশন করে জনদুর্ভোগ কমানোর তাগিদ দেন।
Leave a Reply