নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে আজ সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তারতিলুল কুরআন আহমাদীয়া মাদরাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল। মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা।
মাহফিল আয়োজনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও প্রশাসনের সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটে। এরই ধারাবাহিকতায় মাহফিলের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শনে গতকাল মাঠে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা।
এ সময় আয়োজক কমিটি ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বিভেদ-বিভাজন ভুলে ধর্মীয় ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান।
আবুল কাউছার আশা বলেন, “যাবতীয় বিভেদ ও বিভাজন ভুলে ওলামায়ে কেরাম সবাই একসঙ্গে হয়েছেন, এটাই আসলে আমাদের ইসলামের সৌন্দর্য। দিন শেষে আমরা সবাই এক ও অভিন্ন।”
বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে ১৭ বছর ধরে আলেম-ওলামারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাপলা চত্বরে কওমি মাদ্রাসার ভাইদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি আমাদের মনে আছে। এছাড়া বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দকে প্ররোচনার মাধ্যমে ফাঁসিতে ঝোলানো ও হত্যার ঘটনাও আমরা দেখেছি। সুতরাং অতীতের সব বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, কারও বক্তব্য বা কথায় যেন অন্য কেউ ছোট না হন। আমরা সবাই সবাইকে সম্মান করব। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে দলীয় নেতৃবৃন্দ—সবার সহযোগিতায় মাহফিলটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, নানা আলোচনা ও অনিশ্চয়তা পেরিয়ে মাহফিল আয়োজনকে ঘিরে আয়োজক কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন আয়োজকরা। পাশাপাশি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছে।
Leave a Reply