নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৩ মাস পেরিয়ে গেলেও বিচারহীনতার অবসান হয়নি। বিগত সরকারের সাড়ে এগারো বছর এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের দেড় বছরেও এই বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয় জন বিশিষ্ট নাগরিক। ত্বকী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁরা নবনির্বাচিত সরকার ও নতুন প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিশিষ্টজনেরা এই দাবি জানান। পাশাপাশি, বিচারহীনতার প্রতিবাদে আগামী ৮ ডিসেম্বর (সোমবার) নারায়ণগঞ্জে আলোকপ্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, “২০১৩ সালের ৬ মার্চ নিষ্ঠুরভাবে হত্যা করা হয় নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে। সে বছরই ১৬৪ ধারায় জবানবন্দিতে দুজন ঘাতক ত্বকী হত্যার বিশদ বর্ণনা দেয়। পরবর্তীতে ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব ত্বকীকে কেন, কখন, কোথায়, কারা এবং কীভাবে হত্যা করেছে—তার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করে। কিন্তু তৎকালীন সরকারপ্রধানের ইচ্ছায় সেই বিচার প্রক্রিয়া সাড়ে এগারো বছর বন্ধ হয়ে থাকে।”
বিবৃতিতে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, “২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কিছু তৎপরতা দেখালেও তাদের দেড় বছরের শাসনামলে বিচারের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সংবাদমাধ্যমের তথ্যমতে, মামলার ১০১টি ধার্য তারিখ অতিবাহিত হলেও আদালতে এখনো অভিযোগপত্র (চার্জশিট) জমা পড়েনি। ইতোমধ্যে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক সরকার গঠিত হয়েছে।”
সুবিচারের আশা প্রকাশ করে তাঁরা বলেন, “ত্বকী হত্যা দেশব্যাপী যে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, তা সমাজের মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। কালবিলম্ব না করে আদালতে অভিযোগপত্র জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরুর জোর দাবি জানাচ্ছি আমরা। এই বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে নতুন সরকার দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের দীর্ঘদিনের হতাশা ও অনাস্থার অবসান ঘটাবে বলে আমাদের বিশ্বাস।”
বিবৃতিতে স্বাক্ষরকারী ২৪ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও মফিদুল হক, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সুলতানা কামাল, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, মানবাধিকার কর্মী খুশি কবির, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তিতে ত্বকী হত্যার বিচারহীনতাকে রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার ‘নগ্ন উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ত্বকী হত্যার ১৫৩ মাস উপলক্ষে এবং ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোকপ্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
Leave a Reply