নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শিক্ষার মান উন্নয়নে কো-কারিকুলাম অ্যাক্টিভিটির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, শিক্ষার মান যদি আন্তর্জাতিক পর্যায়ে নিতে হয়, তাহলে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে শিশুদের আরও পারদর্শী করে তুলতে হবে। বিশ্বের নামীদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু পড়াশোনার কারণে নয়, বরং কো-কারিকুলাম কার্যক্রমে গুরুত্ব দেওয়ার কারণেই বিশ্বসেরা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে অবস্থিত হলি উইলস স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কো-কারিকুলাম কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নতুন কারিকুলামে কো-কারিকুলাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে। প্রত্যেক ওয়ার্ডে শিশুদের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
শিক্ষকদের দায়িত্বের কথা তুলে ধরে মামুন মাহমুদ বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিশুদের আচরণ ও নৈতিক শিক্ষা দেওয়া শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক সংবাদ-এর চিফ রিপোর্টার সালাম জোবায়ের। উপস্থিত ছিলেন সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা মিয়া মো. আব্দুল্লাহ মুজিব, বেসরকারি স্কুল (কিন্ডারগার্টেন) শিক্ষক সমিতির জেলা সভাপতি কাওসার মাহমুদসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
Leave a Reply