নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় এক মুদি দোকানির ‘ফ্যামিলি কার্ড’-এর নামে নিত্যপণ্য বিক্রির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তি নিজেকে বিএনপি কর্মী পরিচয় দেওয়ায় বিষয়টি বিএনপির ৩১ দফা কর্মসূচির ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের গুজব ছড়িয়ে পড়ে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।
তবে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিলে বিকেলে ওই মুদি দোকানি ও তার স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলেও জানান তিনি।
মুদি দোকানি মো. রাসেল (৩৮) কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর বকুলতলার সিরাজ প্রধানের ছেলে এবং তার স্ত্রীর নাম হাসিনা আক্তার (৩২)।
তাদের কাছ থেকে ‘জিসান ট্রেডার্স’ নামে নামে ছাপানো ‘ফ্যামিলি কার্ড’ লেখা বেশকিছু কার্ডও জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ যাচাই-বাছাই করছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।
তবে, রাসেল বিএনপি কিংবা কোনো সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত না থাকলেও নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বেড়ান বলে জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।
“আমরা নিজেরাও বিষয়টি ফেসবুক ও নিউজে প্রকাশিত হওয়ার পর জেনেছি। খোঁজ নিয়ে জানলাম, সে আমাদের কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয়, এবং এই কর্মকাণ্ডের বিষয়ে দলীয় কেউই অবগত ছিলেন না”, যোগ করেন তিনি।
পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান এ প্রতিবেদকে বলেন, মুদি দোকানের পণ্য বিক্রির জন্য মূলত রাসেল এই ‘কৌশল’ অবলম্বন করেছিল। তেল, ডাল, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ১৭৬৫ টাকার একটি প্যাকেজ ১২৮৫ টাকায় বিক্রির জন্য ‘ফ্যামিলি কার্ড’ লিখে তা প্রচার করেছিল রাসেল। তবে, ওই কার্ডের কোথাও বিএনপি বা সহযোগী সংগঠনের নাম ছিল না, বরং ‘জিসান ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের নাম দেওয়া ছিল।
“মূলত নিজের পণ্য সহজে বিক্রির জন্য এই কৌশল নিয়েছিল সে। কিছু কার্ড ৫০ টাকার বিনিময়ে বিতরণও করা হয়েছিল, বাকিগুলো আমরা জব্দ করেছি”, বলেন ওই পুলিশ কর্মকর্তা।
তবে, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় বিএনপির ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে বলে জানান ইউনিয়ন বিএনপি নেতা আরিফ মন্ডল।
Leave a Reply