দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজপথে বড় ধরনের সাংগঠনিক উপস্থিতি জানান দিতে যাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আগামী ১৮ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচিকে সফল করতে মহানগর যুবদলের আওতাধীন সকল থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার বিশেষ নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়ে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও শক্তির জানান দেওয়াই নেতাকর্মীদের অন্যতম লক্ষ্য।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ নির্দেশনায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। কোনো ইউনিট যেন সাংগঠনিক দায়িত্ব পালনে পিছিয়ে না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
তারা আরও জানান, অন্যায়, সন্ত্রাস, নৈরাজ্য ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচিকে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
Leave a Reply