নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দেশের অন্যতম দর্শনীয় স্থান। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নান্দনিক উন্নয়নের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে। চলমান প্রকল্পের কাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সোনারগাঁও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। একইসঙ্গে লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সোমবার (২৫ মে) দুপুরে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান প্রায় ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এরআগে তিনি ফাউন্ডেশন চত্বরের বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে চলমান অবকাঠামো উন্নয়ন, জাদুঘর সম্প্রসারণ, দর্শনার্থী সুবিধা বৃদ্ধি এবং সাংস্কৃতিক স্থাপনাগুলোর আধুনিকায়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এছাড়াও প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর এই প্রথম সোনারগাঁওয়ে এলাম। এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, লাইব্রেরিসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতেই আমাদের এ সফর।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দীপংকর ঘোষ, সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসু এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply