নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী। মঙ্গলবার (৭ এপ্রিল) সদর উপজেলার শিবু মার্কেট এলাকয় দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়।
চিকিৎসাসেবার কাজে সহায়তা করেন একজন মেডিক্যাল অফিসার, তিনজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল এর প্রোগ্রাম ম্যানেজার মো: আতিয়ার রহমান । তিনি জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।অর্থাভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করে পিটিএসেফের অর্থায়নে এবং পিএমকে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে সহযোগিতায় তিনমাস ব্যাপী গরীব অসহায়ের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কর্মসূচি গ্রহন করেছি এবং ধারাবাহিক ভাবে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে।
ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা জানান, আগত রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চোখের সমস্যাই বেশি দেখা গেছে। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগী বলেন, ফ্রি ক্যাম্প হওয়ায় সহজেই ডাক্তার দেখাতে পেরেছি, যা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা। আরেকজন বলেন, দীর্ঘদিনের চোখের সমস্যার জন্য এখানে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন।
Leave a Reply