নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সদর উপজেলার কুতুবপুরে চাঁদাবাজ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনাকর স্ট্যাটাস ও মন্তব্য ছড়িয়ে পড়ে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রসুলপুর এলাকায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ফেসবুক পেজ থেকে ঘটনার ভিন্ন ভিন্ন বিবরণ প্রচার করা হচ্ছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ তুলে একে অপরকে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করছে।
বিএনপি থেকে একাধিক পোস্টে বলা হয়, এনসিপি নেতা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এনসিপি নেতারা এলাকায় চাঁদাবাজি করছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী নূর জামাল বলেন, “আগের দিন রাতে আমাদের একজন নির্বাচনী এজেন্টের সঙ্গে স্থানীয় এক দোকানির তর্ক হয়। আজ সকালে স্থানীয় যুবদল নেতা ওই এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজছে। এর প্রতিবাদ করায় তারা আমাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে হেনস্তা করার চেষ্টা করে।”
ঘটনার পর দুপুর ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান প্রেসকে বলেন, “নির্বাচনে কাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধিতা হয়। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে স্থানীয়ভাবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করে নেয়।”
Leave a Reply