নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র রমজান উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল আয়োজন করেছে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, “রাজপথের লড়াই-সংগ্রাম আমাদের মোটামুটি শেষ হয়েছে, এখন আমাদের মেধা, তর্ক ও যুক্তির লড়াই। মেধা ও যুক্তি দিয়ে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হবে। গত দেড় দশক বা দুই যুগে অন্যান্য জায়গায় পরিকল্পিতভাবে শহর গড়ে উঠলেও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরকে নিয়ে খুব বেশি বা বড় পরিকল্পনা হয়েছে বলে আমার মনে হয় না।”
তিনি আরও বলেন, বিভিন্ন গণঅভ্যুত্থান ও আন্দোলন-সংগ্রামে ঢাকার পার্শ্ববর্তী শহর হিসেবে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আগামী দিনে যৌথ প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। নগরবাসীর পরামর্শ গ্রহণ করে যতটুকু সম্ভব উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করা হবে।
গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ মহানগরের সভাপতি আরিফ ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য নিরব রায়হান ও জাবেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
Leave a Reply