নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে পুরাতন মামলা প্রত্যাহার না করায় নাসিক ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়ার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী মো. জাকির হোসেন (৫০) কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিলস এলাকার মাঝিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন গুদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত রওশন আলীর ছেলে। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবক মো. ঈমান (২৫) ও মো. ইব্রাহিম (৩০) ধারালো চাপাতি দিয়ে জাকির হোসেনের নাভির নিচের ডান পাশে ও রানে আঘাত করে গুরুতর জখম করে। হামলার পর তারা জসিম মিয়াকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন আহত জাকির হোসেনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিমের পরিবারের দাবি, প্রায় এক বছর আগে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় জসিম মিয়ার ওপর হামলা চালানো হয়েছিল। সে ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সেই মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলার সময় অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয় যে, সুযোগ পেলে জসিম মিয়াকেও প্রাণে হত্যা করা হবে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় জসিম মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply