
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন।
দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।