
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নগরীর ১২ নম্বর ওয়ার্ডে চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এলাকার বিদ্যমান নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বসবাসের উপযোগী এলাকা হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ডনচেম্বার মসজিদ থেকে ব্যাংক কলোনি হয়ে খানপুর বউবাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করলেই একটি সুন্দর নগর গড়ে ওঠে না; এর পাশাপাশি সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও নাগরিক সচেতনতা প্রতিষ্ঠা করতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরকে সুন্দর রাখতে জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকাবাসীকেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চাঁদাবাজি ও মাদকসেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে চাঁদাবাজি ও মাদকাসক্তির কোনো স্থান থাকবে না। কোনো দোকানদার, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ যাতে চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় পর্যায়ে কেউ চাঁদাবাজি বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে প্রথমে সামাজিকভাবে তা প্রতিরোধের চেষ্টা করতে হবে। প্রয়োজনে স্থানীয় কাউন্সিলর ও তাঁকে অবহিত করলে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।