
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা, ঢাকঢোল এবং নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। র্যালিতে জেলা ও বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট প্রাঙ্গণের সামনে থেকে র্যালিটি বের করা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্যসচিব মশিউর রহমান রনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুন কোর্টের সামনে জড়ো হতে থাকেন। পরে ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মূল র্যালিতে অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন র্যালিতে বিশেষভাবে নজর কাড়ে। সাউন্ড সিস্টেম ও ঢাকঢোলের তালে তালে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরেন। বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি বড় সমাবেশে রূপ নেয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম ইমন ও হারুন অর রশিদ মিঠু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম ভূঁইয়া, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও সদস্যসচিব সালাউদ্দিন রানা।
এ ছাড়া সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল হোসেন ও সদস্যসচিব কাজী আহাদসহ জেলা যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, কায়েম পল্লব, ইসমাইল মামুন, মেহেদী হাসান ও সাগর সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদল তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে।