নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে শনিবার বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এই মানবন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ থানা পুলিশকে ম্যানেজ করে দৈনিক সংবাদের স্থানীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ‘ট্রাক ভাংচুর করে সিমেন্ট নিয়ে যাওয়া’র বানোয়াট মিথ্যা মামলা দিয়েছে। ভূমি দখলকারী, নদীখেকো, পরিবেশ দুষনকারী মেঘনা গ্রুপের অন্যায় অত্যাচার নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় মেঘনা গ্রুপ সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে তাদের অনিয়ম দূর্নীতির বিস্তার ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। তারা সাংবাদিকদের কন্ঠ রোধ করে সত্য লিখনি বন্ধ করতে চায়। তাদের অন্যায়ের বিরুদ্ধে লেখায় সাংবাদিকদের হয়রানী করার অস্ত্র হিসেবে মিথ্যা মামলা দেয়া শুরু করেছে। আর মামলা গ্রহণকারী সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন মেঘনা গ্রুপের কাছে অনৈতিক সুবিধা নিয়ে তার দায়িত্বে অবহেলা করে যাচাই বাছাই ছাড়া একজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্রহণ করে হয়রানী করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দখলদার মেঘনা গ্রুপের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।
অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায় শিশু কিশোরদের জাতীয় সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন (বাপা), জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, সোনারগাঁ শতদল নাট্য সংঘসহ সামাজিক সাংষ্কৃতিক সংগঠন। সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, মোঃ মশিউর রহমান, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিশু কিশোর সংগঠন খেলাঘরের সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক লায়ন রাজার রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।