নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—নিহত রায়েশা বেগমের স্বামী জাকির হোসেন (৫৪), ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। রায়েশা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী। তাঁর মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৪ জন স্বজন একটি ট্রলারে করে রওনা হন। তাঁদের সঙ্গে বিয়ের বাজারের সামগ্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল।
ট্রলারটি মেঘনা নদীর সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে উদ্ধার করে।
তবে রায়েশা বেগম, তাঁর স্বামী জাকির হোসেন এবং তাঁদের তিন সন্তান সজিব, সামিয়া ও সামিন নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়দের তৎপরতায় রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। বাকি চারজনের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান শুরু করেন। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে নদীতে র্যাকি করা হচ্ছে।
তিনি জানান, সন্ধ্যা নেমে আসায় নদীতে ডুবুরি দলের পক্ষে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। রাতে নিখোঁজদের সন্ধান না পাওয়া গেলে শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।
নিখোঁজ চারজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও নদীতে তৎপর রয়েছেন।