
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক তল্লাশি অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সফি উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করেন।
অভিযানের প্রথম পর্যায়ে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই নারী যাত্রী মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদাকে (৩৩) আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এরপর একই চেকপোস্টে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে টেকনাফ থেকে ঢাকাগামী অপর একটি বাসে তল্লাশির সময় আয়াছ (২৫) নামে এক যাত্রীকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তার পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূল এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।