
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী ও বিভিন্ন মামলায় অভিযুক্তসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ৭ জন, নিয়মিত মামলায় ২ জন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন—শাহীন (৪৭), উজ্জল (৩২), নূর মোহাম্মদ জনি (৩০), কাজী পিয়াল (২২), মজিবুল (২২), রবিউল (২৫) ও সোলেইমান (৩৮)। তারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও রংপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া গ্রামের আঃ হান্নানের ছেলে জাহিদ হাসান এবং কাঁচপুর উত্তরপাড়া এলাকার আঃ বাছেদের ছেলে মাহমুদুল হাসান ওরফে সবুজ।
এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন ফুলদী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৮) এবং পূর্ব কান্দারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদ (২০)। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন মোঃ সাগর মিয়া ও মোঃ আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।