নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নিহত অটোরিকশা চালক মো. মমিনের পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
রোববার (২৪ মে) দুপুরে পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নিহত মমিনের পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্দেশ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে হামলার শিকার হন অটোরিকশা চালক মো. মমিন (৪০)। স্থানীয়দের অভিযোগ, কথিত লাইনম্যান শাহিন প্রথমে মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। পরে পুনরায় টাকা দাবি করলে মমিন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান।
পরিস্থিতি জানার পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিহত মমিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় এমপি মান্নান বলেন, “মমিনের পরিবার যেন অসহায় না হয়ে পড়ে, সেজন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।”
সহায়তা প্রদানকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে নিহত মমিনের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয়রা জানান, একজন খেটে খাওয়া মানুষের পরিবারের পাশে জনপ্রতিনিধির এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। একই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
