
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একই পরিবারের আরও চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিখোঁজদের উদ্ধারে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আজহারুল ইসলাম মান্নান ট্রলারডুবিতে নিহত নারীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধারে চলমান অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।