নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকায় ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেছেন মোস্তাক আহম্মেদ।
মোস্তাক আহম্মেদের অভিযোগ, শনিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বকুল মিয়া। তিনি জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে একটি ডেন্টাল ক্লিনিকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেন বকুল মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে সময় দেওয়া হলেও তারা তা না মেনে সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।