নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁয়ের সাদিপুর এলাকার সুমন মিয়া (১৯) ও মোড়গাপুর এলাকার সিয়াম হোসেন (২০)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।