
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওয়াসিকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওয়াসিকার মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখাল হিসেবে কাজ করতেন। কিশোরীটি বাজারে যাতায়াতের সময় তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন অভিযুক্ত। সর্বশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে খামারের রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাদি জানান, তিনি দরিদ্র পরিবারের সদস্য। অসুস্থ স্বামী, মা-হীন নাতনি ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব সামলাতে তিনি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেন। অভিযুক্ত ব্যক্তি প্রায় ছয় বছর ধরে ওই এলাকায় গরুর খামারে রাখালের কাজ করলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে, তা তিনি ধারণা করতে পারেননি।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ওয়াসিকার মোল্লাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।