
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান এর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের আগস্টে তাঁকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। এবার সেখান থেকে তাঁকে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা সোনারগাঁয়ে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে মাহমুদুল হাসান সোনারগাঁ উপজেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।