নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিমরাইল সিএনজি স্ট্যান্ড এলাকায় সিএনজি চালকদের কাছ থেকে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগকে উদ্বেগজনক, অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজিব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সিমরাইল সিএনজি স্ট্যান্ডে এ রহমান সুপার মার্কেটের সামনে স্টিকারের মাধ্যমে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।
স্ট্যাটাসে খাইরুল ইসলাম সজিব আরও লেখেন, যেসব সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “আমরা সব সময় দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে আছি। কারও কষ্টার্জিত অর্থ জোরপূর্বক নেওয়ার সুযোগ এখানে নেই।”
স্ট্যাটাসের শেষ অংশে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।