
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠার মধ্যে দলীয় এই সিদ্ধান্ত সামনে এলো।
বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর দপ্তরেও পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এক বাসচালককে মারধরের প্রতিবাদ করায় ওই বাসের যাত্রী এক গবেষককে মারধরের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন ইকবাল হোসেন। পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস আগে গত বছরের নভেম্বরে তাঁকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়।
তবে দলে ফেরার পরও তাঁকে ঘিরে বিতর্ক থামেনি। গত কয়েক মাসে ইকবাল হোসেনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে একাধিক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। এসব অভিযোগের কারণে স্থানীয়ভাবে তাঁকে নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে আবারও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিল জেলা বিএনপি। তবে সাম্প্রতিক অভিযোগগুলোর সঙ্গে দলীয় সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি। অভিযোগগুলোর বিষয়ে ইকবাল হোসেনের বক্তব্যও পাওয়া যায়নি।