
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় মো. আলম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকার একটি টিনশেড বাড়িতে ফেনসিডিল বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আলমকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণির ৩(খ) উপধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।