নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ও জাল দলিল তৈরি করে ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পিতা-পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায়।
অভিযোগে অভিযুক্তরা হলেন—ওই এলাকার মৃত মনুসর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), তার ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাইনাদী নতুন মহল্লা এলাকায় ১০ শতাংশ জমির মালিক ভুক্তভোগী রাসেলের বাবা। ক্রয়সূত্রে পাওয়া ওই জমির খাজনা-খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন বলে দাবি করেন রাসেল। জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ২০৫ ও ২০৬ এবং আরএস দাগ নম্বর ৪২২ ও ৪২৩।
রাসেলের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে ওই জমির মালিকানা দাবি করছেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একই জমি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে, যার মামলা নম্বর ১১৩৬/২২।
অভিযোগে রাসেল উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তারা নিজেদের দখলীয় জমিতে গেলে অভিযুক্তরা সেখানে এসে তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা মারমুখী আচরণ করলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের হুমকি দেন এবং বাধা দিলে প্রাণনাশ ও লাশ গুমের ভয় দেখিয়ে চলে যান বলে অভিযোগ করেন রাসেল।
এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় হামলা বা গুরুতর ক্ষতির আশঙ্কা করছেন বলে জানান।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. শাহাবুদ্দিন বলেন, “এই সম্পত্তির মালিক আমরা পৈতৃক সূত্রে। এসএ ও আরএস রেকর্ডে আমার দাদার নাম রয়েছে। ১৯৫৮ সাল থেকে আমার দাদা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। পরবর্তীতে আমার বাবা এবং আমরা উত্তরাধিকারসূত্রে তা ভোগদখল করে আসছি।”
তিনি আরও বলেন, “আবুলের সঙ্গে এই জায়গা নিয়ে আমাদের মামলা হয়েছিল। পরে আদালতের রায় ও ডিক্রি আমাদের পক্ষে আসে। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে রয়েছে। এরপরও রাসেল বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে এবং বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্টা করতাছে।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।