নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানা অভিযোগে অভিযুক্ত মোক্তার হোসেন (৩৭)'কে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ওয়ালী উল্লাহ জানান, মিজমিজি এলাকার রকি নামে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি এবং তার বাড়ির দরজা-জানালা ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোক্তার মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকার আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে মিজমিজির বিভিন্ন এলাকায় ভূমিদস্যুতা ও একাধিক ভুমি মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এছাড়াও সে মিজমিজি এলাকার শীর্ষ মাদক ডিলার ও মাদক কারবারি বলে দাবি স্থানীয়দের।
মিজমিজি কালুহাজি এলাকার বোরহান উদ্দিন অভিযোগ করেন, তারা ৩৬ জন মিলে ওই এলাকায় সাড়ে বারো শতাংশ পরিমানের একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে মোক্তার উক্ত জমি নিজের বলে দাবি করে এবং তাদেরকে নানা ধরনের হুমকি-ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় মোক্তার ওই জমিতে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে এবং মালিকদের জমি ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেন।