
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র উদ্ধারসহ ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম পিপিএমের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের মৌচাক লতা স্টোর এলাকার রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগতচর এলাকার মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের বিভিন্ন যন্ত্রাংশ, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম।