
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ওড়ানো, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া নাভানা মাঠ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণ ও যুবসমাজকে সংগঠিত করা, উৎপাদনমুখী রাজনীতির বিকাশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ৪৮ বছর আগে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শকে ধারণ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জনপদ। নব্বইয়ের দশকের এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মহানগর যুবদলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাগর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে স্থানীয় যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।