নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সাহেব আলীকে আমরা দীর্ঘদিন ধরে খুজছিলাম এবং তার আস্তানায় অভিযান চালিয়েছি। কিন্তু সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আজ সে নিজ দলের কর্মী দ্বারাই গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করেন বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। সব মিলিয়ে তাকে তিনটি গুলি করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।