
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, মাদকসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক মামলার এক আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি সাগর মাহমুদ (৩২), সামারি ট্রায়ালে অভিযুক্ত সেলিম (৪৫), সিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন (২৫) এবং পূর্বের একটি নিয়মিত মামলার আসামি শাহিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাগর মাহমুদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী জোড়া খাম্বা এলাকায় বসবাস করেন। সেলিমের বাড়ি ফতুল্লার হাজীগঞ্জ এলাকায়।
অপরদিকে, সিআর পরোয়ানাভুক্ত ইব্রাহিমের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাঘ এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে বসবাস করতেন। মাদক মামলায় গ্রেপ্তার বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেছারুন বাজার এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী রোডের বাগমারা এলাকায় থাকেন। আর শাহিনের বাড়ি রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দি এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন মামলার আসামি হিসেবে পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিল্লাল হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।