নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নাজির হোসেন (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ১/২ এনায়েতনগর এলাকার হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড-৮-এর মিজি মেনশনের পশ্চিম পাশে ইটের প্রাচীরঘেরা একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামতের মধ্যে একটি ম্যাগাজিনসহ পিস্তল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও এলাকার বাসিন্দা মৃত আলাউদ্দিনের ছেলে মো. নাজির হোসেন (৫২)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।