
সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের সঙ্গে অতীত রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস হাসানকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের আহ্বায়ক মো. মকবুল হোসেন ও সদস্যসচিব মো. নবী নূরের স্বাক্ষরে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ইদ্রিস হাসান অতীতে তৎকালীন সরকারের সময়ে শ্রমিক লীগের সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও অতীত রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাঁতী দলের নেতৃবৃন্দের দাবি, ইদ্রিস হাসান মোল্লা নামে শ্রমিক লীগের সদস্য থাকার বিষয়টি ছাড়াও তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের হাতে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে আরও বলা হয়েছে, ইদ্রিস হাসানের সঙ্গে তাঁতী দলের সম্পৃক্ত অন্য ব্যক্তিরা কিংবা একই ধরনের অভিযোগের আওতায় থাকা নেতাকর্মীদের বিষয়েও তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদে মো. ইদ্রিস হাসানের অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।
এরই ধারাবাহিকতায় এবার তাকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো।