
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ১৬ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আগুন লাগার পরপরই তাঁরা বাস থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
বাসে থাকা এক যাত্রী জানান, মেঘলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৬৮) গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে যাত্রীবেশে থাকা দুই যুবক বাসে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ওই যাত্রী। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এ সময় অভিযুক্ত দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, চলন্ত বাসটির পেছনের অংশে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তের মধ্যে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রীবেশে বাসে আগুন দেওয়ার অভিযোগের বিষয়টি ঘিরে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।