
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরে বয়স যাচাই-বাছাই শেষে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরী ও এক কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে শিমরাইলের চারতলা ওই ভবনে বিশেষ অভিযান চালানো হয়। ভবনটি আগে ‘সাজেদা হাসপাতাল’ হিসেবে পরিচিত ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে হোটেলটি থেকে দুই নারী, ১৩ পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের পরিচয় ও বয়স যাচাই-বাছাই করে অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরী ও কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, আটক দুই নারী ও ১৩ পুরুষসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আবাসিক হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।