নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নেতা সাইফুদ্দীনকে (৪৫) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের পদ্মা ডিপো সংলগ্ন একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরকদ্রব্য ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার সাইফুদ্দীনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তথ্য ও সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।