নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জের সকল সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বর্তমান সরকারের প্রথম জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া ২৪ দফা নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে। গত ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের পর এই নির্দেশনা আসে।
চিঠিতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার, মজুতদারি রোধ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে।
সেই নির্দেশনার আলোকে ১৮/০৫/২৬ইং সোমবার এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলায় সেবার মান বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান ও মনিটরিং চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করে গড়তে সর্বক্ষেত্রে অপরাধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সে যেই হোক অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থায় যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বাস ভাড়া যাতে বৃদ্ধি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বাজার মনিটরিং টিম মাঠে সক্রিয় রয়েছে। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।
এছাড়াও সরকারি দপ্তরগুলিতে যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে তার জন্য সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে।
ভূমি সেবা সম্পর্কে তিনি বলেন, “ভূমি অফিসগুলোতে ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। নামজারি, খারিজ, মিউটেশনসহ সব সেবা অনলাইনে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। দালমুক্ত ভূমি অফিস গড়তে নিয়মিত মনিটরিং চলছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্বাস্থ্য বিভাগ সম্পর্কে তিনি বলেন, “ঈদকে সামনে রেখে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধের দাম নিয়ন্ত্রণ ও নকল ওষুধ রোধে মাঠ পর্যায়ে অভিযান চলছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে।”
যানজট নিরসনে তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহর ও প্রধান সড়কগুলোতে ঈদকেন্দ্রিক যানজট এড়াতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ পার্কিং, রাস্তা দখল ও অটোরিকশার বেপরোয়া চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। ঈদের আগে ও পরে যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”