নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
রোববার (১১ অক্টোবর) বিকেলে শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কনফারেন্স রুমে পুনর্মিলনী আয়োজন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আয়োজন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
সভায় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, প্রফেসর আতিকা খানম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন, নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক খান আব্দুল কাদির মাহবুব বাবু, স্কাউট কমিশনার আরিফ মিহির, এইচ এম ফারুকুল ইসলাম, ডক্টর অপুসহ আয়োজন কমিটির অন্যান্য সদস্য।
সভায় পুনর্মিলনী উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি হবে স্মৃতি, আবেগ, বন্ধুত্ব, ভালোবাসা ও ঐতিহ্যের এক মিলনমেলা। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা যেন কলেজজীবনের সোনালি দিনগুলোর স্মৃতিতে ফিরে যেতে পারেন, সে লক্ষ্যেই আয়োজনটিকে বর্ণাঢ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়।
এদিকে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় সরকারি তোলারাম কলেজের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর বিস্তারিত কর্মসূচি তুলে ধরার পাশাপাশি নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।